https://www.voiceofpeople24.com/

4503

sports

আবার ফাইনালে দেখা হলে আর্জেন্টিনাকে হারাবই: এমবাপ্পে

প্রকাশিত : ১৪ জুন ২০২৬ ১৩:৫৭

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের সেই হৃদয়ভাঙা রাত এখনো ভুলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। হ্যাটট্রিক করেও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে শিরোপা হারানোর আক্ষেপ যেন এখনো তাড়া করে ফিরছে ফ্রান্স অধিনায়ককে। আর তাই ২০২৬ বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই আত্মবিশ্বাসী কণ্ঠে প্রতিশোধের বার্তা দিলেন তিনি।

সম্প্রতি ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সঙ্গে আলাপকালে এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়, এবারের বিশ্বকাপের ফাইনালেও যদি প্রতিপক্ষ হয় আর্জেন্টিনা, তাহলে কী হবে? জবাবে রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড বলেন, ফ্রান্স প্রস্তুত এবং তাদের লক্ষ্য একটাই—শিরোপা জয়।

এমবাপ্পে বলেন, ‘আমরা সবসময় জয়ের ক্ষুধা নিয়ে খেলি। ইতিহাস গড়ার জন্যই এখানে এসেছি, আর সেই কাজ এখনো শেষ হয়নি। আমরা এই বিশ্বকাপ নিজেদের করে নিতে চাই।’

২০২২ সালের ফাইনালে দুর্দান্ত হ্যাটট্রিক করেও ট্রফি ছুঁতে পারেননি তিনি। তবে এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নেমেছে ফ্রান্স। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এসেছে শক্তিশালী দল নিয়ে। ফলে দুই দলের সম্ভাব্য আরেকটি ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে।

শুধু দলগত সাফল্য নয়, ব্যক্তিগত রেকর্ডের লড়াইটাও জমে উঠেছে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁতে লিওনেল মেসির প্রয়োজন আরও চারটি গোল। আর মাত্র দুটি বিশ্বকাপ খেলেই ১২ গোল করা এমবাপ্পের দরকার পাঁচটি গোল।

নকআউট পর্বের সম্ভাব্য সূচি অনুযায়ী, আর্জেন্টিনা ও ফ্রান্স নিজ নিজ গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের ধাপে উঠলে ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। অর্থাৎ শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে নয়—মেসি ও এমবাপ্পের আরেকটি মহারণ দেখতে হলে দুই দলকেই পেরোতে হবে সব বাধা এবং পৌঁছাতে হবে ফাইনালের মঞ্চে।