https://www.voiceofpeople24.com/
4496
sports
প্রকাশিত : ১৩ জুন ২০২৬ ১১:০৭
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ নতুন নয়। এবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। চট্টগ্রামে ফেরার পথে ডিবি পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির হাতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন তিনি।
নাঈম জানান, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ফেরার পর তাঁর যাত্রাবাহী সিএনজি থামানো হয়। এরপর ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাঁর ব্যাগ তল্লাশি করেন এবং কোনো কারণ ছাড়াই তাঁকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেন।
তিনি দাবি করেন, থানায় নেওয়ার পরও বারবার নিজের পরিচয় দিলেও কেউ তা গুরুত্ব দেয়নি। এমনকি জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন নাঈম।
ঘটনার বিবরণ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই টাইগার স্পিনার। একপর্যায়ে ফোন হাতে পেয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। পরে তামিম সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেন।
জাতীয় দলের একজন ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পরও এমন আচরণের শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নাঈম।
সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। যদিও উইকেটের দেখা পাননি, ব্যাট হাতে করেছেন ৯ রান। তাঁর দল টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন নাঈম হাসান। আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৪টি টেস্ট খেলে ৪৮টি উইকেট শিকার করেছেন এই অফস্পিনার। সর্বশেষ গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।