https://www.voiceofpeople24.com/
4494
national
প্রকাশিত : ১৩ জুন ২০২৬ ১০:৪০
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। শুক্রবার হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৩০ মে থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৫টি, সৌদিয়া এয়ারলাইনস ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৪৮ হাজার ২০২ জন ফিরেছেন।
এদিকে, চলতি বছরের হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
হজ বুলেটিনে জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া ২৪ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন।
সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশি হাজিদের জন্য পরিচালিত মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ২৪৩ জনকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৪১০ জন হাজিকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম। আর চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে।