https://www.voiceofpeople24.com/
4459
national
প্রকাশিত : ০৮ জুন ২০২৬ ১১:০৭
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদার ব্যক্তিদের এপিএসরাও এই সুবিধার আওতায় আসবেন। এ বিষয়ে নতুন বেতন কাঠামো নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে অর্থ বিভাগ।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগ পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের এপিএস এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।
এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসরা নবম গ্রেডের প্রারম্ভিক ধাপ অনুযায়ী ২২ হাজার টাকা মূল বেতন পেতেন। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করে বেতন নির্ধারণ করা হতো।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টাদের এপিএসদের বেতন শুরুতে ২২ হাজার টাকা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে নবম গ্রেডের সর্বোচ্চ ধাপ, অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকায় উন্নীত করা হয়। এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও তৈরি হয়েছিল।
এপিএসদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের বিষয়ে মতামত জানতে গত ৩১ মার্চ অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই প্রেক্ষিতে অর্থ বিভাগ নতুন বেতন কাঠামোর অনুমোদন দেয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এপিএসদের জন্য নির্ধারিত ৩২ হাজার ৫৪০ টাকার মূল বেতনের সঙ্গে কোনো বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হবে না। তবে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা তারা পাবেন। একই সঙ্গে তারা পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিল সুবিধার আওতায় থাকবেন না।
এ সুবিধা কেবল সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের জন্য প্রযোজ্য হবে। সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ পাওয়া এপিএসরা এই বেতন কাঠামোর আওতায় পড়বেন না।