https://www.voiceofpeople24.com/
4449
sylhet
প্রকাশিত : ০৬ জুন ২০২৬ ১৯:০০
সিলেটে ১৫ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে মহানগরীর উপশহর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পরে তাদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- আব্দুস শুক্কুর বকুল (৭৯) ও মো. খাইরুল ইসলাম বাবলু (৩৫)। এর মধ্যে বকুল শাহপরাণ (রহ.) শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা এবং বাবলু এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকার আবিদ কটেজের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরের সঙ্গে অভিযুক্তদের পূর্বপরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে ঈদের পরদিন তারা কিশোরকে সুবিদবাজারের লন্ডনী রোড এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়ানোর কথা বলে নিয়ে যান। সেখানে তার সঙ্গে আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে।
ঘটনার পর কিশোরটি বিষয়টি কাউকে না জানালেও পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর শুক্রবার রাতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উপশহর এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ১৫ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী তার পরিবার ও অভিভাবকদের হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।