https://www.voiceofpeople24.com/

4445

sylhet

শ্রীমঙ্গলে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত : ০৬ জুন ২০২৬ ১৭:২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) ভোরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান মিয়া শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানের চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপচালক গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।