https://www.voiceofpeople24.com/
4444
national
প্রকাশিত : ০৬ জুন ২০২৬ ১৬:৫৪
বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করা হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
দুই দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। একাধিক দেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসেন। এর আগে তিনি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেন।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন হাকান ফিদান। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
পরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।