https://www.voiceofpeople24.com/
4435
national
প্রকাশিত : ০৬ জুন ২০২৬ ১০:০৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো শেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বারবার কেন শর্টসার্কিটের ঘটনা ঘটছে। এর আগের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনেও একই কারণ উল্লেখ করা হয়েছিল বলে জানান তিনি।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এ ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত প্রতিবেদনের মাধ্যমে নির্ধারণ করা হবে।
গত বছরের ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো শেডে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনার পর নতুন স্থায়ী শেড নির্মাণ করা হয়নি। কারণ থার্ড টার্মিনাল প্রকল্পের আওতায় আধুনিক কার্গো সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাপানের সহযোগিতায় থার্ড টার্মিনালের পেছনে আমদানি ও রপ্তানির জন্য দুটি আধুনিক কার্গো গোডাউন নির্মাণ করা হচ্ছে, যেখানে প্রায় আট লাখ টন করে পণ্য সংরক্ষণের সক্ষমতা থাকবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে নতুন কার্গো সুবিধা চালু হলে স্থায়ী শেডের প্রয়োজন নাও হতে পারে। এ কারণে স্থায়ী অবকাঠামো নির্মাণের পরিবর্তে অস্থায়ী শেড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
প্রতিমন্ত্রী বলেন, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের ভূমিকা এবং অগ্নিকাণ্ডের পেছনের সব কারণ তদন্তে খতিয়ে দেখা হবে। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজন হলে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হবে। বারবার এমন ঘটনা কেন ঘটছে, তা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।