https://www.voiceofpeople24.com/

4441

sylhet

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা

প্রকাশিত : ০৬ জুন ২০২৬ ১২:৪১

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকশ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক নেতারা জানিয়েছেন, শনিবার (৬ জুন) পর্যন্ত সময়সীমার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আওতাধীন কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া।

এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৯-এর কাছে স্মারকলিপি দিয়েছেন ইউনিয়নের জেলা সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন শ্রমিক নেতা মো. আবুল হোসেন। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তিনি মারা যান। পরে ঈদের দিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, ঘটনার এতদিন পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এমনকি প্রধান অভিযুক্তদের একজন নাসির উদ্দিন পুলিশের সহযোগিতায় দেশ ছেড়ে কানাডায় পালিয়ে গেছেন বলেও তারা দাবি করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার বলেন, মামলার মূল আসামিদের গ্রেফতারে পুলিশ ও ডিবি যৌথভাবে কাজ করছে এবং তাদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।