https://www.voiceofpeople24.com/

4453

sylhet

দুধ দিয়ে গোসল, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ভক্ত

প্রকাশিত : ০৭ জুন ২০২৬ ১২:৫৪

মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক ইমরান খান আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা সমর্থক শিবিরে যোগ দিয়েছেন। দল পরিবর্তনের এই ঘোষণাকে স্মরণীয় করে রাখতে তিনি দুধ দিয়ে গোসল করেন। এ ঘটনায় স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (৬ জুন) বিকেলে রাজনগর উপজেলায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান খান এলাকায় ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা ছিল। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি নিয়মিত ব্রাজিলের পক্ষে সমর্থন জানিয়ে আসছিলেন। তবে দীর্ঘদিন ধরে দলের প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন।

এ বিষয়ে ইমরান খান বলেন, “অনেক আশা নিয়ে বছরের পর বছর ব্রাজিলকে সমর্থন করেছি। কিন্তু কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ—কোথাও কাঙ্ক্ষিত সাফল্য দেখতে পাইনি। সেই হতাশা থেকেই এবার আর্জেন্টিনাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে নতুন সমর্থককে বরণ করে নিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় আর্জেন্টিনা ভক্তরা। আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, “আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এখন বেশ উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। প্রিয় দলের সাফল্য কামনা করে আমরা এই আয়োজন করেছি। ভবিষ্যতেও দলের পাশে থাকব।”

দল পরিবর্তনের এই ব্যতিক্রমী ঘটনা ইতোমধ্যে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।