https://www.voiceofpeople24.com/
4446
sylhet
শুক্রবার, ৫ জুন দুপুর প্রায় ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ ঘটনা ঘটে
প্রকাশিত : ০৬ জুন ২০২৬ ১৮:১৮
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করতে গিয়ে হাউসবোটের চলন্ত ইঞ্জিনে পড়ে মৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে হাওরের পর্যবেক্ষণ টাওয়ার এলাকা থেকে নিলাদ্রী লেকের উদ্দেশে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিঝুম সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামে।
পরিবার ও হাউসবোট সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ভ্রমণশৈলী’ নামের একটি হাউসবোটে পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিলেন তারা। পর্যবেক্ষণ টাওয়ার ঘুরে দেখার পর বিকেলে বোটটি সীমান্তঘেঁষা নিলাদ্রী লেকের দিকে রওনা হয়। এ সময় বোটের পেছন দিক থেকে সামনে যাওয়ার পথে অসাবধানতাবশত চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে যায় নিঝুম।
ঘটনার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বন্ধ করে শিশুটিকে উদ্ধার করা হলেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি। ইঞ্জিনের আঘাতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার জানান, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঈদের ছুটিতে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়েছিলেন তিনি।
হাউসবোটটির মালিক ও নিহতের স্বজন পংকজ রায় বলেন, এটি ছিল হাউসবোটটির প্রথম ভ্রমণ। দুর্ঘটনার পরপরই ইঞ্জিন বন্ধ করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে তাকে জীবিত ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।