https://www.voiceofpeople24.com/

4448

sylhet

মন্ত্রী আরিফুল হকের হস্তক্ষেপে ধর্মঘট থেকে সরে এলেন শ্রমিকরা

প্রকাশিত : ০৬ জুন ২০২৬ ১৮:৫৩

ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের দাবিতে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১টায় কোম্পানীগঞ্জ আঞ্চলিক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমমন্ত্রীর পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এর আগে ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যার সঙ্গে জড়িতদের শনিবারের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে রোববার ভোর থেকে কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

এ দাবির সমর্থনে গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৯ বরাবর স্মারকলিপি দেন ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজস্ব ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন শ্রমিক নেতা মো. আবুল হোসেন। অভিযোগ অনুযায়ী, আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ মে তিনি মারা যান। পরে ঈদের দিন তার দাফন সম্পন্ন হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এমনকি প্রধান অভিযুক্তদের একজন নাসির উদ্দিন পুলিশের সহায়তায় কানাডায় পালিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তারা।

তবে এসব অভিযোগ নাকচ করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার বলেন, মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।