https://www.voiceofpeople24.com/
4410
national
জাতীয়
প্রকাশিত : ০৩ জুন ২০২৬ ১৬:৪৩
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: এএফপি
দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আগামী ৪ জুন শুরু হওয়া এ সফরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। সম্ভাব্য এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে ৬ জুন।
এদিকে বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের আগে বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন।
সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইউএনবিকে জানান, হাকান ফিদানের সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং এ কারণেই পররাষ্ট্রমন্ত্রী দ্রুত দেশে ফিরছেন।
এর আগে গত ১৪ মার্চ তুরস্কের রাজধানী আঙ্কারায় হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ওই বৈঠকে দুই দেশ ভবিষ্যতে সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
বৈঠকে বাংলাদেশ তুরস্কের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
তুরস্কও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে উভয় পক্ষ দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করে।
এ ছাড়া গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সময়ে কূটনৈতিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে তুরস্কের ডিপ্লোম্যাসি একাডেমি ও বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।