https://www.voiceofpeople24.com/

5365

international

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ

প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬ ১২:৩১

 

আজারবাইজানে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের হিজাব পরার ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নতুন পোশাকবিধির কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ শুরু হয়েছে। আজ  সোমবার (১২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে অনুমোদিত সংশোধনীতে সরাসরি হিজাব নিষিদ্ধ করা হয়নি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা সরকারের ভাষায় ‘ধর্মনিরপেক্ষতার নীতি’ লঙ্ঘন করে। নতুন এ বিধির আওতায় হিজাব পরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আজারবাইজানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, সরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পোশাকবিধিতে সংশোধন আনার উদ্দেশ্য হলো দেশের ‘ধর্মনিরপেক্ষ নীতি’র সঙ্গে সামঞ্জস্য রেখে অভিন্ন পোশাকবিধি নিশ্চিত করা।
 

দেশটির প্রায় ৯৬ শতাংশ মানুষ মুসলিম। তবে সংবিধানে আজারবাইজানকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তাও দেওয়া হয়েছে।

নতুন বিধিতে বলা হয়েছে, আজারবাইজানের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় ও নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটে- এমন পোশাক বিশেষ অনুষ্ঠানে পরার অনুমতি দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন শিক্ষাবিষয়ক পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটির ভাষ্য, পোশাকবিধি শিক্ষকদের পেশাগত মান বজায় রাখতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে সহায়তা করবে।

নতুন বিধির প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হিজাব পরার কারণে স্কুলে ঢুকতে না পেরে শিক্ষার্থীরা শিক্ষকদের জড়িয়ে ধরে কাঁদছে।