https://www.voiceofpeople24.com/

5364

education

খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের ২ গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬ ২২:৫৮

 

দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে ওসমানীনগরের খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের ২ গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় হলরুমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি অবসরগ্রহণ উপলক্ষে সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক মো. হারুন-অর-রশীদ কে এই সংবর্ধনা দেয়া হয়। কেএনএফটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সার্বিক সহযোগিতায় সংবর্ধনার পাশাপাশি একই অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার’র কান্ট্রি ডিরেক্টর নাজমুল হক ফখরুল। সভাপতিত্ব করেন খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাফুফে রেফারি কবির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারর ডেপুটি কান্ট্রি ম্যানেজার মেহেদি হাসান, প্রাক্তন শিক্ষার্থী ও বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বিদ্যালয় এডহক কমিটির সদস্য ডা. আব্দুল জলিল, শিক্ষক পাবলুল হক, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ফাইজা নওরিন, বর্তমান শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, মাহবুবা বেগম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তিন্নি আক্তার ও সানজিদা আক্তার। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট, উপহারসামগ্রী প্রদানের পাশাপাশি এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।