https://www.voiceofpeople24.com/
5162
national
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩১
কুমিল্লার ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অপর একজনের সম্পৃক্ততার বিষয়টি অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন— সদর দক্ষিণ উপজেলার সানন্দা এলাকার নূরে আলমের ছেলে সাইফুল ইসলাম তুহিন (১৯), সালমানপুর এলাকার মমিন হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), সদর উপজেলার হাতিগাড়া এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে কামরুল হাসান (১৫) এবং সদর দক্ষিণের এলাহিপুর এলাকার সেলিম মিয়ার ছেলে মো. সিয়াম।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতীম নিখোঁজ হওয়ার পর তার পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) পরপরই পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তুহিন অপ্রতীমকে নির্জন জঙ্গলের দিকে নিয়ে যায়।
তিনি বলেন, মূলত অপ্রতিমের মায়ের আইফোনটির দিকে নজর ছিল তুহিনের। ওই ফোন নেওয়ার উদ্দেশ্যেই তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় বলে তদন্তে পাওয়া গেছে।