https://www.voiceofpeople24.com/
5161
international
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৩
আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে ২০২৭ সালের পবিত্র হজ পালনের প্রাথমিক নিবন্ধনের সময়। নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে হজে যেতে ইচ্ছুকদের। তবে নির্দিষ্ট কিছু শারীরিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি ও ১৫ বছরের কম বয়সী শিশুরা আগামী বছরের হজে অংশ নিতে পারবেন না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে কতসংখ্যক মানুষ হজ পালনে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২৭ জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে ১৫ বছরের কম বয়সী শিশুরা অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি হৃদ্রোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। একইভাবে স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরও হজ পালনের অনুমতি দেওয়া হবে না।
কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যানসার রোগীদের ক্ষেত্রেও হজে যাওয়ার অনুমতি থাকবে না। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। এর মধ্যে যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।