https://www.voiceofpeople24.com/
5105
sports
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৩
আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে জয় পান তিনি। এই জয়ে সাবালেঙ্কাকে সরিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছেন রিবাকিনা।
এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। মজার বিষয়, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও তার প্রতিপক্ষ ছিলেন সাবালেঙ্কা।
গ্র্যান্ড স্লামের ফাইনালে সাবালেঙ্কার বিপক্ষে এটি রিবাকিনার দ্বিতীয় জয়। চারটি গ্র্যান্ড স্লাম ফাইনালের তিনটিতেই মুখোমুখি হয়েছেন তারা। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে হেরেছিলেন রিবাকিনা।
প্রথম সেটে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন কাজাখ তারকা। সাবালেঙ্কার শক্তিশালী শটের বিপরীতে গভীর গ্রাউন্ডস্ট্রোক ও নিখুঁত ব্যাকহ্যান্ডে চাপ ধরে রাখেন তিনি। এক পর্যায়ে ৫-৩ গেমে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেট জিতে নেন রিবাকিনা।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ৫-৫ সমতায় থাকার পর রিবাকিনার সার্ভিস ভেঙে সেটটি ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান বেলারুশের এই খেলোয়াড়। তবে তৃতীয় সেটে আর লড়াই জমাতে পারেননি তিনি। শুরুতেই এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে শিরোপা নিশ্চিত করেন রিবাকিনা।