https://www.voiceofpeople24.com/

5023

sylhet

সিলেট

সিলেটে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস বিএনপি নেতার

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেট সফরকে কেন্দ্র করে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপির পরবর্তী সব কর্মসূচির সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকেরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যান হুমায়ুন কবির। সফরের অংশ হিসেবে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মাজার প্রাঙ্গণেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার কথা ছিল প্রতিমন্ত্রীর। মুসল্লিদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য সাংবাদিকেরা মাজারের মূল ফটকের সামনে অবস্থান নেন।

তবে প্রতিমন্ত্রী বের হওয়ার সময় নেতাকর্মীদের ভিড় ও ধাক্কাধাক্কির কারণে সেখানে সংবাদ সংগ্রহের পরিবেশ বিঘ্নিত হয়। পরে সাংবাদিকেরা মাজারের বাইরে চলে যান। এ সময় ‘জিয়ার সৈনিক, এক হও’ স্লোগান দিয়ে একদল ব্যক্তি সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

স্টার নিউজের সিলেট ব্যুরো চিফ ইয়াহ্ইয়া মারুফ বলেন, প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিং দেওয়ার কথা ছিল। তবে নেতাকর্মীদের ভিড় ও ধাক্কাধাক্কির কারণে মাজার প্রাঙ্গণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে সাংবাদিকেরা বাইরে চলে এলে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকেরা সেখান থেকে চলে যান।

ঘটনার পর চ্যানেল ওয়ানের সাংবাদিক এম এ কাইয়ুম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদ জানান। তিনি লেখেন, সাংবাদিকদের গায়ে হাত তোলা ও স্লোগান দেওয়ার ঘটনার পর বিএনপির কর্মসূচি বয়কট করা ছাড়া তাঁদের আর কোনো পথ নেই।

এদিকে, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের ঘটনায় বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।

তিনি বলেন, কী কারণে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করা হচ্ছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।