https://www.voiceofpeople24.com/
4933
international
প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬ ১০:৩০
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই রেস্তোরাঁয় কর্মরত ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, ঘটনার সময় এক বন্দুকধারী রেস্তোরাঁয় ঢুকে আকস্মিকভাবে গুলি চালায়। এতে রাজু ও সেখানে থাকা আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে গুলি লাগে, আর অপর ব্যক্তির ডান পায়ে গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সী রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশির অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিউইয়র্কের ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতের পরপরই রেস্তোরাঁর ভেতরে ওই গুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনকে হাসপাতালে নেওয়া হলেও একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলার কারণ এবং বন্দুকধারীর পরিচয় জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে নিউইয়র্ক পুলিশ।
রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি জানান, রাজুর মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে রাজুর পরিবার।
এদিকে, ব্রুকলিনে সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ইস্ট নিউইয়র্কে পিৎজা ডেলিভারি দিতে যাওয়ার সময় গুরদীপ সিং নামে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এর আগে বুধবার একই এলাকায় ১৭ বছর বয়সী অহমীর জর্ডানকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনাতেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।