https://www.voiceofpeople24.com/
4497
sports
প্রকাশিত : ১৩ জুন ২০২৬ ১১:৫০
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেবের। শুক্রবার রাতে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত এই আয়োজনে পারফর্ম করার পাশাপাশি বিশ্বমঞ্চে ভিন্নধর্মী উপায়ে তুলে ধরেন নিজের শিকড়—বাংলাদেশকে।
টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহির নতুন গানের পরিবেশনায় অংশ নেন সঞ্জয় দেব। তাদের সঙ্গে মঞ্চে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিমও। তবে সবার নজর কাড়ে সঞ্জয়ের বিশেষভাবে তৈরি করা জ্যাকেটটি। জ্যাকেটের ডান পাশের স্লিভে সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজ পটভূমিতে লাল বৃত্তখচিত জাতীয় পতাকার নকশা।
শুধু পোশাকেই নয়, পারফরম্যান্সের সময়ও বারবার নিজের স্লিভের দিকে ইঙ্গিত করে বাংলাদেশের প্রতীকগুলো দর্শকদের সামনে তুলে ধরেন তিনি। মুহূর্তগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পরিচয়কে এমন সৃজনশীলভাবে উপস্থাপন করায় প্রশংসায় ভাসছেন সঞ্জয় দেব।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এই জমকালো অনুষ্ঠানে সঞ্জয় ও নোরা ফাতেহি ছাড়াও পারফর্ম করেন বিশ্বখ্যাত কানাডীয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা। এছাড়া জেসি রেয়েজ, ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা এবং উইলিয়াম প্রিন্সের পরিবেশনায় আরও বর্ণিল হয়ে ওঠে উদ্বোধনী আয়োজন। নানা সংস্কৃতি ও বৈচিত্র্যের সমন্বয়ে শিল্পীরা বিশ্বদরবারে তুলে ধরেন কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়।