https://www.voiceofpeople24.com/
4915
national
প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬ ১৫:২৪
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণের ঘোষণা দেন।
সিইসি জানিয়েছেন, বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ সদস্যরা ভোট প্রদান করবেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর একই স্থানে ব্যালট পেপার গণনা করা হবে। এরপর বৈধ ও অবৈধ ভোট এবং প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ঘোষণা করা হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। গত ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। তাঁদের ভোট দেওয়ার জন্য সংসদ কক্ষেই ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী, প্রতিটি ব্যালট পেপারে প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে তাঁর পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।
ভোট গ্রহণ শেষে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করবেন সিইসি। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ৬ আগস্ট। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল।