https://www.voiceofpeople24.com/

4430

sylhet

সিলেটে ১ হাজার শয্যার হাসপাতাল গড়তে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা

প্রকাশিত : ০৪ জুন ২০২৬ ১৮:২৪

সিলেটে এক হাজার শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীনের একটি বিনিয়োগকারী দল। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন ও প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।

বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে চীনা বিনিয়োগকারীরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর, হাইটেক পার্কসহ কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্পের জন্য উপযুক্ত স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। হাসপাতালটি নির্মাণে চীনা বিনিয়োগকারীরা অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে।

আরিফুল হক চৌধুরী বলেন, “প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেটসহ পুরো উত্তর-পূর্বাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে। উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের চিকিৎসা ব্যয় ও ভোগান্তিও কমবে।”

চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের পর তারা আশাবাদী। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে ইতিবাচকভাবে কাজ করা হবে।

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।