https://www.voiceofpeople24.com/

5411

sylhet

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী : বিএনপি: এমপি ফয়সল

প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:৪৬

 

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন, সবাই সমান নাগরিক। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, অন্যায় কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার বদ্ব পরিকর।

রোববার  রাত ৭ টায় (১৮ অক্টোবর) মাধবপুর বাজারের কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, এ বছর অত্যন্ত সুন্দর পরিবেশে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্‌যাপিত হচ্ছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা মানুষের মর্যাদায় বিশ্বাস করি। কারও প্রতি কোনো ধরনের অবিচার, অন্যায় বা জুলুম করা হলে সরকার কঠোরভাবে তা দমন করবে। সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈষম্যহীন, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবেন। 

কালীমন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, সাংবাদিক আলমগীর কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির কর্মকর্তারা।