https://www.voiceofpeople24.com/

5413

sylhet

একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক পদে যোগ দিলেন ফয়ছল আলম

প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬ ২০:৩০


সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলয়েড দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক পদে ১ অক্টোবর থেকে যোগদান করেছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়ছল আলম। পত্রিকার প্রকাশক নজরুল ইসলাম বাবুল ও সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ সম্প্রতি তাকে এ দায়িত্ব প্রদান করেন। 
মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও অনুসন্ধানী সাংবাদিক মো. ফয়ছল আলম দীর্ঘ তিন দশক ধরে সিলেটে সাংবাদিকতা করছেন। তিনি দৈনিক খবর, ভোরের কাগজ, দৈনিক জনতা-সহ বিভিন্ন জাতীয় সংবাদপত্রে কৃতিত্বের সাথে কাজ করেছেন।
দীর্ঘ সাংবাদিকতা ক্যারিয়ারে সাংবাদিক ফয়ছল আলম সিলেটের আঞ্চলিক দৈনিক জালালাবাদ, সবুজ সিলেট, সিলেট প্রতিদিন, সিলেট সুরমা, সিলেট মিরর, সিলেটের মানচিত্র- পত্রিকায় কাজ করেছেন। দৈনিক সিলেট সুরমা’য় তিনি প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক জৈন্তাবার্তা’র নির্বাহী সম্পাদক ছিলেন।
অন্য পত্রিকাগুলোতেও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ তিনি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকায় তিনি প্রায় ১০ বছর উপ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধ, ভ্রমণ, বরেণ্য ব্যক্তিদের জীবনীসহ একাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। সিলেটের অন্যতম প্রচার ও প্রকাশনা সংস্থা মিডিয়া গাইড’র প্রতিষ্ঠাতা ও কর্ণধার তিনি।