https://www.voiceofpeople24.com/

5344

international

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬ ১১:৫০

 

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে প্রায় ৫০ হাজার নারী ও তরুণী নিহত বা গুরুতর আহত হয়েছেন। জাতিসংঘ নারী সংস্থার তথ্য অনুযায়ী, এটি উপত্যকার প্রতি ২১ জন নারী ও তরুণীর মধ্যে একজনের সমান।

সংস্থাটির মানবিক কার্যক্রম প্রধান সোফিয়া কালটরপ জানান, এই সংঘাতে ৩৮ হাজারের বেশি নারী প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১২ হাজার নারী এমন গুরুতর আহত হয়েছেন যে তাদের আজীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হবে।  

উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তি এক বছর আগে কার্যকর হলেও গাজায় সহিংসতা এখনো পুরোপুরি থামেনি। বিশেষ করে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানটায় আরও ২৭৭ জন নারী ও তরুণী মারা গেছেন। 

সোফিয়া কালটরপ আরও জানান, প্রায় ১০ লাখ নারী ও তরুণীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে এবং প্রায় সবাই এখনো বাস্তুচ্যুত অবস্থায় তাঁবুতে বা নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে দিন কাটাচ্ছেন। 

এ ছাড়া গাজায় নারীপ্রধান পরিবারের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে সেখানকার প্রতি চারটি পরিবারের একটির নেতৃত্ব দিচ্ছেন নারীরা।