https://www.voiceofpeople24.com/
5043
art-literature
প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩
মৌলভীবাজার: ‘নৈঃশব্দ্যের ভেতর জন্ম নেওয়া শব্দের উৎসব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘স্বনন সাহিত্য উৎসব ২০২৬’।
আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর, শুক্র ও শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে আয়োজন।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি জাকির জাফরান, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কবিতা, গল্প, প্রবন্ধ ও কথোপকথনের মধ্য দিয়ে উৎসবটি হয়ে উঠবে একটি মানবিক পরিসর—যেখানে শব্দ শুধু উচ্চারিত হবে না, অনুভূতও হবে। লেখক ও পাঠকের মধ্যবর্তী দূরত্ব বিলীন করে ভাবনা, স্মৃতি ও সৌন্দর্যের একটি আন্তরিক মিলনক্ষেত্র তৈরিই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
‘স্বনন’ সাহিত্য উৎসবের আহ্বায়ক ও স্বনন সাহিত্য ছোটকাগজের সম্পাদক সুনীল শৈশব বলেন, মানুষের প্রথম স্বপ্ন, প্রথম উচ্চারণ ও প্রথম কবিতার উৎস থেকেই সাহিত্যের যাত্রা। সেই অনির্বচনীয় উৎসের দিকে মানুষের দীর্ঘতম প্রত্যাবর্তনের আয়োজনই এবারের স্বনন সাহিত্য উৎসব।
তিনি সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, লেখক ও পাঠকসহ সবাইকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।
এবারের উৎসবের আয়োজনে থাকছে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, কথোপকথনসহ নানা সাহিত্যিক আয়োজন। শুক্রবার ও শনিবার দুই দিনজুড়ে মৌলভীবাজারে বসবে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা।