https://www.voiceofpeople24.com/
4928
sylhet
সিলেট
প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬ ১০:২৮
শনিবার (২৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার মাদানী সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৪৫), তাঁর স্ত্রী উসুফা বেগম (৩০), তাঁদের পাঁচ বছর বয়সী মেয়ে আয়শা আক্তার এবং সিএনজিচালিত অটোরিকশার চালক সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৬)।
নিহত নিয়ামত আলীর ভাই গাজীরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুরের শ্রীরামশী গ্রামের বাড়িতে ফিরছিলেন নিয়ামত আলী। পথে দুর্ঘটনায় তিনি, তাঁর স্ত্রী উসুফা বেগম ও মেয়ে আয়শা আক্তার নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। ওই ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই একই উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরও চারজনের প্রাণহানি ঘটল।