https://www.voiceofpeople24.com/

4917

national

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ আজ, বঙ্গভবন ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণ

প্রকাশিত : ২১ আগস্ট ২০২৬ ১৫:২৯

 

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল। পরে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২ (৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে মির্জা ফখরুলের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারিত কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বর ও আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং থেকে ডিআইটি রোড পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করতে পারবে।

এ ছাড়া দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না। হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে পারবে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট থেকে ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং, শাপলা চত্বর ও ইত্তেফাক হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসা আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব ট্রাফিক নির্দেশনা প্রযোজ্য হবে না।

সাময়িক যানজট এড়াতে নির্ধারিত সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ট্রাফিক ব্যবস্থাপনায় সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।