https://www.voiceofpeople24.com/
4547
sports
প্রকাশিত : ২০ জুন ২০২৬ ২১:২৭
ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় তারকা রোনালদিনহোকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রায় ৪৬ বছর বয়সেও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকা এই ব্রাজিলিয়ান কিংবদন্তি ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চমক সৃষ্টি করেছেন।
শুরুতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, রোনালদিনহো মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন। তবে সময়ের সঙ্গে সেই অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এখন ক্লাব বলছে, বিশেষ পরিস্থিতিতে তাঁকে মাঠে নামানোর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগামী ২৩ জুন মায়ামিতে এক অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে রাভেনা। এর মাধ্যমে ইতালিয়ান ফুটবলের সঙ্গে আবারও সম্পর্ক গড়তে যাচ্ছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী তারকা, যিনি এর আগে এসি মিলানের জার্সিতেও খেলেছেন।
২০১৫ সালে ফ্লুমিনেনসের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর থেকে রোনালদিনহোকে দেখা গেছে মূলত প্রদর্শনী ম্যাচ ও বিশেষ আয়োজনে। ফলে রাভেনার সঙ্গে তাঁর এই নতুন অধ্যায় ফুটবল অঙ্গনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
রাভেনার ভাইস-প্রেসিডেন্ট অ্যারিয়েদো ব্রাইদা প্রথমে এটিকে শুধুই মার্কেটিং উদ্যোগ হিসেবে বর্ণনা করলেও পরে সম্ভাবনার দরজা খোলা রেখেছেন। তাঁর ভাষায়, রোনালদিনহো খেলবেন কি না, তা এখনই নিশ্চিত নয়, তবে বিষয়টি পুরোপুরি নাকচও করা যাচ্ছে না।
ফলে এক দশকেরও বেশি সময় পর ‘সাম্বা জাদুকর’কে আবার প্রতিযোগিতামূলক ফুটবলের মঞ্চে দেখা যাবে কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল।