https://www.voiceofpeople24.com/

4538

sylhet

শাহপরান (রহ.) মাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদারের বার্তা জেলা প্রশাসকের

প্রকাশিত : ১৯ জুন ২০২৬ ১৭:৫৭

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স স্থাপনের উদ্যোগের পর এবার হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে তিনি মাজারে গিয়ে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় তিনি মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাজার এলাকায় মদ ও গাঁজার আসর বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানান।

জেলা প্রশাসক বলেন, ওলি-আউলিয়াদের স্মৃতিবিজড়িত এসব পবিত্র স্থানকে পরিকল্পিতভাবে গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তাব দিয়ে তিনি জানান, সেখানে মেডিকেল সেন্টার, নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা এবং পর্যাপ্ত নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে।

তিনি বলেন, মানুষের দেওয়া দান যথাযথভাবে ব্যয় হচ্ছে—এমন আস্থা থাকলে ভক্তরা আরও আন্তরিকভাবে অনুদান প্রদান করেন। তাই দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কোনো ধরনের আত্মসাৎ ঠেকাতে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

মাজারকেন্দ্রিক মাদক সেবনের অভিযোগের প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, পবিত্র স্থানে মদ ও গাঁজার আসর বসা শুধু আইনবিরোধী নয়, এটি মাজারের মর্যাদারও পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারে হাতে হাতে অর্থ গ্রহণের পরিবর্তে দানবাক্সের মাধ্যমে অনুদান সংগ্রহ করলে আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে, গত ১২ জুন হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন করে জেলা প্রশাসন আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে দানবাক্সে তালা দেওয়ার উদ্যোগ নেয়। পরে ১৮ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের তিনটি দানের ডেগ সিলগালা করা হয় এবং বিভিন্ন স্থানে নতুন দানবাক্স স্থাপন করা হয়। এসব দানবাক্সের নিরাপত্তায় আনসার সদস্যও নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুদান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের সব ধরনের দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দানবাক্সে জমা হবে, হাতে হাতে অর্থ গ্রহণের সুযোগ থাকবে না।

উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার সিলেটের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী এসব মাজারে এসে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গবাদিপশু, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন। দীর্ঘদিন ধরে মাজারের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ না হওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন ও কৌতূহল ছিল। সেই প্রেক্ষাপটে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসন।