https://www.voiceofpeople24.com/
5491
international
প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:২১
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৪ হাজার ৭৩৬টি ফ্লাইট নির্ধারিত ছিলো। এর মধ্যে ৪ হাজার ৭১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। অর্থাৎ নির্ধারিত ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশই চলাচল করেনি।
হামলার কারণে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও বিমান সংস্থাগুলোকে বড় ধরনের সমস্যায় পড়তে হয়েছে। তবে দীর্ঘ বিরতির পর গত রোববার (২৫ অক্টোবর) সীমিত পরিসরে বিমানবন্দরটি আবার চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। যদিও ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। ফলে এ বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড় ধরনের প্রভাব পড়েছে।
চলতি মাসে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুতি বিদ্রোহীরা। তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল স্থাপনাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় বিমান চলাচল সীমিত করা এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করার প্রয়োজন দেখা দিয়েছে।