https://www.voiceofpeople24.com/
5314
politics
প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬ ২১:০২
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালন করার উদ্দেশ্যে গণসাক্ষরতা অভিযান ও আকবেট (ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট—
আকবেট), বুধবার, ৭ অক্টোবর ২০২৬ তারিখে নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়ায় যৌথভাবে একটি আলোচনা সভার আয়োজন করে।
১৯৬৬ সালে ইউনেস্কো ও আইএলও কর্তৃক গৃহীত শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত ঐতিহাসিক সুপারিশমালার ৬০ বছর পূর্তি উপলক্ষে এবারের দিবসটি বিশেষ তাৎপর্য বহন করছে।
এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য—“Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures.”
“শিক্ষকের পাশে, ভবিষ্যতের সাথে: ৬০ বছরের নিরবচ্ছিন্ন পথচলা।”
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা কেবল বেতন-ভাতায় সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সামাজিক স্বীকৃতি, পেশাগত স্বাধীনতা, নীতিনির্ধারণে অংশগ্রহণ এবং নিরাপদ কর্মপরিবেশ জড়িত। তাঁরা উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), জলবায়ু পরিবর্তন ও মানসিক স্বাস্থ্যের মতো আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রয়োজন। একই সঙ্গে অনলাইন হয়রানি, বুলিং, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ঝুঁকি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন বক্তারা।
পরিশেষে, শিক্ষকদের জন্য একটি বৈষম্যহীন ও সহায়ক কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানিয়ে সভার সমাপ্তি ঘটে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. তাহমিনা ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের কার্যালয়ের ড. এম এ কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ।
এছাড়াও সিলেট জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষক অ্যাসোসিয়েশনের সদস্য, এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজ, সাংবাদিক ও গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।