https://www.voiceofpeople24.com/
5216
education
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫২
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে মৌলভীবাজারের জুড়ীর কিশোর উদ্ভাবক ওয়াসিক জাহেদ ইয়াফি ও তার দল ‘এসওয়াইটি ইনোভেটরস’। ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন’ (ডব্লিউআইসিই)-এ ‘এআই মিলিটারি রোভার’ প্রকল্পের জন্য তারা অর্জন করেছে গোল্ড মেডেল।
২০ থেকে ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেটালিং জায়ার সেগি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই প্রতিযোগিতা। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (আইওয়াইএসএ) ও মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।
ওয়াসিক জাহেদ ইয়াফি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জবাজার এলাকার বাসিন্দা। সে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত সদস্য জাহেদ হোসেন তাজিনের ছেলে। বর্তমানে সে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের ৩০টিরও বেশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক পর্বে ৫১৭টি দল নিবন্ধন করে। অনলাইন ও অফলাইন মিলিয়ে এতে অংশ নেয় ৫ হাজারের বেশি তরুণ গবেষক ও উদ্ভাবক। বাংলাদেশ থেকে ২৩টি দল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। এর মধ্যে সিলেট থেকে একমাত্র দল হিসেবে অংশ নেয় ‘এসওয়াইটি ইনোভেটরস’। ২৩ সেপ্টেম্বর প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের দলটির নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন সদস্যরা। ‘গোল্ড মেডেল গোজ টু ওয়াসিক জাহেদ ইয়াফি-এসওয়াইটি ইনোভেটরস, বাংলাদেশ’ ঘোষণা দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় স্বর্ণপদক। ‘এআই মিলিটারি রোভার’ প্রকল্পের জন্যই এ পুরস্কার অর্জন করে দলটি। মালয়েশিয়ার সাফল্যের পর এবার তুরস্কের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উদ্ভাবন তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে ইয়াফি ও তার দল।
আগামী ২ ও ৩ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল রোবোটিকস অ্যান্ড ইনোভেশন চ্যাম্পিয়নশিপ (জিআরআইসি) ২০২৬’-এর আন্তর্জাতিক ফাইনাল। ছয় মহাদেশের সেরা উদ্ভাবকেরা এতে অংশ নেবেন। সেখানে ‘এআই মিলিটারি রোভার’ প্রকল্প নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘এসওয়াইটি ইনোভেটরস’।