https://www.voiceofpeople24.com/

4498

sports

মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

প্রকাশিত : ১৩ জুন ২০২৬ ১২:০১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন নেইমার এবং আগামী সপ্তাহে তিনি দলীয় অনুশীলনে ফিরতে পারেন।

আনচেলত্তি বলেন, "নেইমার খুব কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে দলের সঙ্গে অনুশীলনে ফিরবে।" যদিও তিনি সরাসরি প্রথম ম্যাচে নেইমারের অনুপস্থিতির কথা বলেননি, তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, মরক্কোর বিপক্ষে তার মাঠে নামা প্রায় অসম্ভব।

রোববার ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

দীর্ঘ আড়াই বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান নেইমার। তার ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও দলে রাখার সিদ্ধান্তের ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, "নেইমারকে দলে নেওয়ার কারণ শুধু তার অসাধারণ টেকনিক্যাল দক্ষতা নয়। তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতাও আমাদের বিবেচনায় ছিল।"

যুক্তরাষ্ট্রে দলের প্রস্তুতি ক্যাম্পে থাকলেও এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। সতীর্থদের সঙ্গে বল নিয়ে কাজ করলেও বুট পরে মাঠে নামার অনুমতি পাননি তিনি। বর্তমানে রানিং শু ব্যবহার করে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন এবং সময়ের বড় একটি অংশ কাটছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে।

গত ১৭ মে সান্তোসের হয়ে কুরিতিবার বিপক্ষে ম্যাচে পায়ের পেছনের পেশিতে (ক্যাফ মাসল) চোট পান নেইমার। এরপরও তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। ২৭ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর পরীক্ষায় তার গ্রেড-টু চোট ধরা পড়ে। চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাওয়ার পাশাপাশি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ক্যাম্পেও রয়েছেন ব্রাজিলের এই পোস্টার বয়।