https://www.voiceofpeople24.com/

5436

international

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি

প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬ ১৪:৩৯

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে সৌদি সংবাদমাধ্যম ‘দ্য হলি মস্কস’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কাবা শরিফের হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো সম্পর্ক নেই।

 

 

মঙ্গলবার (২০ অক্টোবর) ‘দ্য হলি মস্কস’-এর এক্স অ্যাকাউন্টের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে খালিজ টাইমস।

 

 

প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরবের কর্তৃপক্ষ। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ঘটনার সঙ্গে যুক্ত করে বিভিন্ন ধরনের দাবি প্রচার করা হয়।

 

 

তবে ‘দ্য হলি মস্কস’ জানিয়েছে, ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো যোগসূত্র নেই। ভিডিওটি ওই ঘটনার প্রমাণ হিসেবেও ব্যবহার করা যায় না। ফলে ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট দাবিগুলোকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে দেখা হচ্ছে।

 

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম উল্লেখ করা হয় নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত বিবরণ, ঘটনার পরিস্থিতি কিংবা সংশ্লিষ্ট মসজিদের নাম প্রকাশ করা হয়নি।