https://www.voiceofpeople24.com/

4562

sylhet

হবিগঞ্জ ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত : ২৪ জুন ২০২৬ ১১:৫০

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের হেফাজত থেকে এক মাদক কারবারি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক এসআইসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রাশেদুল হক চৌধুরী।

পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ১৭ জুন প্রশাসনিক আদেশে তাঁদের পুলিশ লাইনসে সংযুক্ত করেন। প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন ডিবির এসআই মো. সাইফুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদ হোসেন, ইয়াকুব মিয়া ও মো. আলমগীর কবির, ডিএসবির কনস্টেবল শরীফুল ইসলাম খান এবং হবিগঞ্জ সদর মডেল থানার সদস্য মো. সোহাগ মিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা পুলিশ লাইনসে দায়িত্ব পালন করবেন।

পুলিশ সূত্র জানায়, ১৫ জুন বিকেলে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে ডিবি সদস্যরা জুয়েল মিয়া (৩০) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করেন। হাতকড়া পরানোর সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন, এতে ডিবির দুই সদস্য আহত হন।

এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ালে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। সেই সুযোগে জুয়েল হাতকড়াসহ পালিয়ে যান।

ঘটনা প্রসঙ্গে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, কনস্টেবল শরীফুল ইসলাম ইতোমধ্যে ডিএসবিতে বদলি হয়েছেন এবং কনস্টেবল সোহাগ মিয়া তাঁর অনুমতি ছাড়া ঘটনাস্থলে গিয়েছিলেন। এ কারণে সেদিন তাঁকে অনুপস্থিত দেখানো হয়।

অন্যদিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শামীম হাসান বলেন, প্রত্যাহারের পেছনে প্রশাসনিক কারণ থাকতে পারে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি।