https://www.voiceofpeople24.com/

4466

sylhet

সিসিক প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৮ জুন ২০২৬ ১৮:২৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৮ জুন) বিকেলে নগরভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয় ও নগর উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন পরিকল্পনা, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতার গুরুত্বের বিষয়টিও উল্লেখ করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি শুধু সিলেট অঞ্চলের জন্য নয়, সমগ্র দেশের জন্যই গুরুত্বপূর্ণ। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী।

তিনি আরও বলেন, সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান ও অভিজ্ঞতা নগর উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা, পরিবেশ সংরক্ষণ এবং নগর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।