সিলেটে স্তন ক্যান্সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
: পিঙ্ক চাই সিআইসি (Pink Chai CIC)-এর উদ্যোগে এবং ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট—আকবেট (UKBET) ও গুডভার্স ফাউন্ডেশনের সহযোগিতায় আজ সিলেটের হাউজিং এস্টেটে অবস্থিত আকবেট কার্যালয়ে "ব্রেস্ট ক্যানসার চ্যাম্পিয়ন'স ওয়ার্কশপ" অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি বলেন, আজ এখানে যা কিছু শেখানো হবে তা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার কাছে পৌঁছে দিতে হবে। আজকের বার্তা সফলভাবে ছড়িয়ে দিতে পারলেই তাঁরা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠবেন।
গুডভার্স ফাউন্ডেশনের সেক্রেটারি এস এম এ আই মাহমুদ স্বাগত বক্তব্যে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্তন ক্যানসার নিয়ে সচেতনতার অভাব ও সংকোচ অনেক সময় নারীদের সময়মতো চিকিৎসকের কাছে যেতে বাধা দেয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সেই বাধা দূর করে কমিউনিটিতে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা সম্ভব।
ডা. খুরশেদা তাহমিন শিমু কর্মশালাটি পরিচালনা করেন। তিনি স্তনের স্বাস্থ্য সচেতনতা, স্তনে নতুন পরিবর্তন চেনার উপায়, চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব, স্ক্রিনিং এবং সমাজে প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা দলগতভাবে অনুশীলন ও আলোচনায় অংশ নেন এবং কীভাবে সম্মান ও গোপনীয়তা বজায় রেখে কমিউনিটির পাশে দাঁড়ানো যায়, সে বিষয়ে ধারণা লাভ করেন।
কর্মশালায় আকবেটের ১৭ জন কর্মীসহ দুইজন মিডওয়াইফ ও একজন নার্স অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে সব চ্যাম্পিয়ন প্রত্যয় ব্যক্ত করেন, এখানে যা শিখেছেন তা নিয়ে প্রত্যেকে অন্তত ২০ জন নারীকে স্তন ক্যানসার বিষয়ে সচেতন করবেন।
আয়োজকরা জানান, “Serving hope, one cup at a time” এই প্রত্যয়ে পিঙ্ক চাই কমিউনিটিতে স্তন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি এবং সময়মতো চিকিৎসা সেবা গ্রহণে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.