সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ
২৮ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন স্যামি। বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতা যে সহজ হবে না, তা ভালো করেই জানেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের জয়ের লক্ষ্য থেকে সরে আসছেন না স্যামি। তার আশা, ব্যাটে-বলে জমজমাট লড়াইয়ের পর সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ দিন ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায় তিনি।
স্যামি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে। অস্ট্রেলিয়াতে গিয়ে ভালো খেলেছে। তাদের ছেলেরাও পারফর্ম করে যাচ্ছে। আমাদের অনেক ছেলেও এবার ভালো করছে। সিরিজ নিয়ে আমি অনেক রোমাঞ্চিত। পাঁচ দিনে ভালো ব্যাট-বলের লড়াই আশা করছি। দুই দলই চাইবে জিততে। আশা করছি, ওয়েস্ট ইন্ডিজ যেন জিততে পারে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মনে করেন ক্যারিবীয় কোচ। তার মতে, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যাদের টেস্টে ঘরের মাঠে হারানো খুবই কঠিন। তারা সেটা প্রমাণ করেছে। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো করেছে। আশা করছি, সবাইকে বিনোদন দিতে পারব। তবে বিনোদনের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ যেন জয়ী দল হয়, সেটাও চাই।’
আইটি ল্যাব সলিউশন্স লি.