সিলেটে  ৪৫দিন ব্যাপি ইমাম প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ২০:১৫ (মঙ্গলবার)
সিলেটে  ৪৫দিন ব্যাপি ইমাম প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ


সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, সুন্দর সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। তাদের মাধ্যমেই দেশ ও জাতি কল্যাণকর দিকনির্দেশনা লাভ করে। তাই সরকার ইমাম-মুয়াজ্জিদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রশিক্ষণ নিয়ে ইমামরা দ্বীনি কর্মকা-ে নেতৃত্বদানের পাশাপাশি সমাজে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছেন। সরকারও ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা বাড়াতে আন্তরিকভাবে বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ ও ভাতা চালু করেছে।
আজ সোমবার নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫দিন ইমাম প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও নরসিংদী, ব্রাক্ষ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার নির্বাচিত একশো’ ইমাম অংশ নেন। 
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক কৃষিবিদ আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির হিসাবরক্ষক ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার সৈয়দ ফখরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের নুরানী প্রশিক্ষক মাওলানা নাসির উদ্দিন, একাডেমির কেয়ারটেকার মো. রায়হান মিয়া, চীফ মনিটর মাওলানা মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা মনিটর মাওলানা আলা উদ্দিন, প্রশিক্ষণার্থী ইমাম জুবায়ের ভুইয়া ও কামিল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহমুদুল হাসান আরও বলেন, ইমামরা সমাজের সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁদের আলোচনা ও পরামর্শ মানুষের ব্যক্তিগত জীবন, পরিবার এবং সামাজিক আচরণে ইতিবাচক প্রভাব ফেলে। তারা জুমার খুতবা ও বয়ানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, পরিচ্ছন্নতা এবং নৈতিকতা রক্ষার আহ্বান জানান।
উল্লেখ্য, ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইমামদের ইসলামিয়াত, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি ও বনায়ন, প্রাণিসম্পদ পালন ও মৎস্য চাষ, বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও পরিচিতি এবং ব্যবহারিক ও মৌখিক প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.