সুনামগঞ্জে জেলা পরিষদের ১০০ চেক বিতরণ 

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬ ২১:০৯ (বুধবার)
সুনামগঞ্জে জেলা পরিষদের ১০০ চেক বিতরণ 

 

সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০টি চেকের মাধ্যমে ৩ কোটি ১৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।

জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সমর কুমার পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, জেলা পরিষদ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলায় প্রায় ১৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের আওতায় রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কালভার্ট ও গার্ডওয়ালসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ করা হচ্ছে।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব কার্যক্রম অব্যাহত থাকবে। পিআইসি ও দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। সরকারের দেওয়া বরাদ্দ যাতে কোনোভাবেই অপচয় না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নকাজের মান ও অগ্রগতি নিশ্চিত করতে জেলা পরিষদের কর্মকর্তা এবং প্রশাসকের পক্ষ থেকে প্রকল্পগুলো পরিদর্শন করা হবে।

অনুষ্ঠানে ইমাম, মুহতামিম, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.