সুরমায় নতুন সেতুর স্থান পরিদর্শনে বাণিজ্য মন্ত্রী সিলেট আসছেন আজ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২০:০৪ (শুক্রবার)
সুরমায় নতুন সেতুর স্থান পরিদর্শনে বাণিজ্য মন্ত্রী সিলেট আসছেন আজ

 

সিলেটের সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্য স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। আগামী শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে তিনি সুরমা নদীতে প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা মন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মন্ত্রী। এরপর সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বিকেল ৩টায় ক্বীনব্রীজ এলাকায় সুরমা নদীতে সেতু নির্মাণের নিমিত্তে স্থান পরিদর্শন করবেন মন্ত্রী।

সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেট নগর ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। মন্ত্রীর স্থান পরিদর্শনের মধ্য দিয়ে প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সরেজমিনে দেখার সুযোগ তৈরি হচ্ছে।

স্থান পরিদর্শনের পর বিকেল ৪টায় মন্ত্রী কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক জাতীয় মহাসড়ক চার লেন প্রকল্পের বাদাঘাট অংশ পরিদর্শন করবেন। এরপর বিকেল ৫টায় লাক্কাতুরা থেকে দলদলি পর্যন্ত ১ দশমিক ৯০ কিলোমিটার রাস্তা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনের কথা রয়েছে।

সফর শেষে রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মন্ত্রীর।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.