২ কোটির বেশি প্রবীণের জীবনমান উন্নয়নের পাশে দাঁড়ালেন ট্রাম্প
প্রবীণদের জীবনমান উন্নয়নের গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মেডিকেয়ারের পার্ট বি প্রিমিয়ামের খরচ কিছুটা কমাতেই এই অর্থ দেওয়া হবে। অক্টোবরের শুরুতেই যোগ্য ব্যক্তিদের কাছে এই অর্থ পৌঁছানোর কথা রয়েছে।
২ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই অর্থ মেডিকেয়ার উন্নয়ন তহবিল থেকে দেওয়া হবে। কংগ্রেসের বরাদ্দ করা এই তহবিলে প্রায় ২০০ কোটি ডলার রয়েছে। এবার সেই অর্থ থেকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, যোগ্য প্রবীণদের বেশির ভাগই অক্টোবরের শুরুতে সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পাওয়ার ব্যবস্থা নেই, তাদের মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় ডাকযোগে চেক পাঠানো হবে। তবে যাদের মেডিকেয়ারের প্রিমিয়াম ইতিমধ্যে মেডিকেইডের মাধ্যমে পরিশোধ হয় বা বেশি আয়ের কারণে অতিরিক্ত প্রিমিয়াম দিতে হয়, তারা এই অর্থ পাবেন না।
বর্তমানে মেডিকেয়ার পার্ট বি-এর সাধারণ মাসিক প্রিমিয়াম ২০২.৯০ ডলার। ফলে এককালীন ৯০ ডলার একজন প্রবীণের এক মাসের প্রিমিয়ামের পুরোটা নয়, তবে এর একটি অংশ মেটাতে সহায়তা করবে।
এছাড়া প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইনের অধীনে অতিরিক্ত নেওয়া অর্থের অংশ হিসেবে ৫০০ ডলার করে ফেরত দেওয়ার উদ্যোগও নিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব আর্থিক পদক্ষেপ নির্বাচন সামনে রেখে ভোটারদের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়েও আলোচনা চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.