বৃদ্ধ বয়সেও কোরআন পড়া শিখছেন
কোরআন শিক্ষা গ্রহণ করা হয়নি নির্দিষ্ট সময়ে। জীবনের একটা সময় এসে যখন এর গুরুত্ব অনুধাবন করলেন তখন আর থেমে থাকেন নি। শেখার অদম্য আগ্রহ নিয়ে মসজিদে ছুটে আসছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রবীণ শ্রমজীবী মানুষরা। তাদের এই অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ কোরআন শিক্ষা সম্পন্ন করা ৪২ জন প্রবীণ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন শরিফ। তাদের মধ্যে একজন পেয়েছেন বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।
শুক্রবার রাতে কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ‘শেখ আব্দুস সালাম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ছিল আরেকটি বিশেষ চমক। লটারির মাধ্যমে ৭০ বছর বয়সী শফিকুল ইসলাম তারা নামের এক প্রবীণ শিক্ষার্থীকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ করে দেয় ‘স্যাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামের একটি ভ্রমণ সংস্থা। জীবনের এই পর্যায়ে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
জীবনের দীর্ঘ পথ পেরিয়ে কোরআন শেখার এই উদ্যোগ প্রমাণ করে, শেখার কোনো বয়স নেই। প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায়েই নতুন করে শুরু করা সম্ভব।
আইটি ল্যাব সলিউশন্স লি.