নভেম্বর পর্যন্ত কাতার এনার্জির এলএনজি পাচ্ছে না বাংলাদেশ
ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কিছু গ্রাহকের জন্য জারি করা ফোর্স মেজর বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে এসব গ্রাহককে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চালান দিতে পারবে না প্রতিষ্ঠানটি। গ্রাহকের তালিকায় ইতালির জ্বালানি কোম্পানি এডিসনও রয়েছে।
এডিসন ও বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপে কাতারএনার্জির অন্যতম বড় গ্রাহক এডিসন। ইতালির কোম্পানিটি এদিন জানিয়েছে, ডিসেম্বরের শুরু পর্যন্ত তারা কাতার থেকে কোনো এলএনজি চালান পাবে না। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহে বিঘ্নের জেরে গত এপ্রিলে প্রথম ফোর্স মেজর নোটিশ জারি করা হয়েছিল।
বাণিজ্যসংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার অন্যান্য গ্রাহকদেরও জানানো হয়েছে, তাদের জন্য জারি করা ফোর্স মেজর নোটিশের মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি কাতারএনার্জি।
আইটি ল্যাব সলিউশন্স লি.