ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার প্রতিনিধিদলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ফলে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দিতে না পেরে ভিডিও বার্তার মাধ্যমেই নিজের ভাষণ পাঠাতে বাধ্য হন ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই শীর্ষ নেতা।
সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সংকটময় সময় পার করছে। ইসরায়েল ফিলিস্তিনিদের জীবনের সব ধরনের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় উপাদানকে লক্ষ্যবস্তু বানিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তিনি প্রশ্ন তোলেন, গাজা ও পশ্চিম তীরে ভয়াবহ মানববিপর্যয় দেখার পরও বিশ্ব সম্প্রদায় আর কতদিন নীরব থাকবে এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে যাবে। ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘসহ বিশ্বনেতারা কিসের জন্য অপেক্ষা করছেন, সে প্রশ্নও তোলেন তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.