মাছ নয়, জেলের জালে সাপ
শ্রীমঙ্গল(মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে জেলের জালে ধরা পড়লো বড় আকৃতির একটি অজগর সাপ। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের উকুলবেড়ির বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে উকুলবেড়ির বিলে রুমন মিয়ার মাছ ধরার জালে অজগরটি পেঁচিয়ে আটকা পড়ে। রাতেই বিষয়টি বুঝতে পারেন রুমন মিয়া। তবে তখন অন্ধকার থাকায় সাপটি উদ্ধারের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। সকালে তিনি বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান। পরে তাহের আলী সব্দর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। উদ্ধারের পর দেখা যায়, অজগরটির শরীরে কোনো দৃশ্যমান আঘাত লাগেনি। পরে সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, মাছ ধরার জালে আটকা পড়ে অজগরটির জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। স্থানীয়দের সহযোগিতায় সময়মতো খবর পাওয়ায় সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসেই বিষধর শঙ্খচূড়সহ বড় আকারের অজগর মিলিয়ে প্রায় ১৭টি সাপ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে অজগর আটকা পড়ার ঘটনাটিও বন্যপ্রাণীর আবাসস্থল ও মানুষের কর্মকাণ্ডের সংঘাতের বিষয়টি সামনে এনেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.