সুনামগঞ্জে নবীন বরণ ঘিরে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত-৪০

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১১ (শুক্রবার)
সুনামগঞ্জে নবীন বরণ ঘিরে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত-৪০

 

সুনামগঞ্জ সংবাদদাতা :  ছাতকে নবীন বরণকে কেন্দ্র করে ছাত্রদল- শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত উভয় পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখা।কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে শিবির-ছাত্রদলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার জেরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় তিন ঘন্টাব্যাপি। এসময় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। 

এ ঘটনায় শিবিরের কলেজ সভাপতি জুনেদ আহমদ বলেন,সারাদেশে আমাদের শিক্ষার্থী বান্ধব কর্মসূচি চলমান আছে।আমরা নবীন শিক্ষার্থীদের বরণ করার জন্য আজকের আয়োজন করেছি।ছাত্রদল কোন কারণ ছাড়াই হঠাৎ অতর্কিত হামলা করে।এতে আমাদের গুরুতর ৮ জনসহ বেশ কয়েকজন আহত হয়েছে।পরে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শিবির প্রতিরোধ গড়ে তোলে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম জানান,শিবিরের ছেলেরা ছাত্রদলের সাথে ঝামেলা করেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি কেন ঘটনা ঘটলো।পরবর্তীতে আমরা বসে সিদ্ধান্ত নিব কি করণীয়। তবে একটা কথা বলতে পারি সুনামগঞ্জের কোন ক্যাম্পাসে শিবির নৈরাজ্য করতে চাইলে তা মেনে নেয়া হবে না।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঝলক মহন্ত বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.