মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৪ (বৃহস্পতিবার)
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি

 

চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। এ অবস্থায় সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

 

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম ও দ্য জেরুজালেম পোস্ট।

 

 

 

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে সৌদির এই যোগাযোগের লক্ষ্য হলো তাদের কাছ থেকে হুথিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য নেওয়া।

 

 

সংবাদমাধ্যম ইসরাইল হায়োম জানিয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেন্টকমের সহায়তা চেয়েছেন। আর এতে দখলদার ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টি যোগ করতে বলেছেন তিনি।

 

 

ইসরায়েলের পাশাপাশি মিসর ও উপসাগরীয় অন্য আরব দেশগুলোর কাছেও একই ধরনের সহায়তা চেয়েছে সৌদি আরব।

 

 

অবশ্য, এই যোগাযোগের বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি সেন্টকমও।

 

 

তবে, কূটনৈতিক সূত্রের বরাতে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ‘সেন্টকমের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের আলোচনাটি ফলপ্রসূ হয়েছে।’

 

 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য নেতানিয়াহুর সরকারকে অনুরোধ করেছে, তারা যেন হুথিদের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা নিতে রাজি না হয়। কারণ এতে করে ইসরায়েল হুথি-সৌদির যুদ্ধের মধ্যে পড়ে যাবে।

 

 

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বাব আল-মানদেব প্রণালী থেকে হুথিদের হটিয়ে দেওয়া এবং নিজেদের তেল অবকাঠামোর ওপর হামলা প্রতিহত করার ক্ষেত্রে সহায়তার জন্য ব্রিটেনের কাছেও অনুরোধ জানিয়েছিল সৌদি আরব।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সৌদি আরবকে সহায়তা করার জন্য ব্রিটিশ সামরিক উপদেষ্টা পাঠাতে সম্মত হয়েছেন, তবে অতিরিক্ত কোনো সহায়তা পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেননি তিনি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.